লিথুনিয়া-কে নলেজ পার্কগুলোতে বিনিয়োগ প্রস্তাব দিলেন পলক
ফ্রন্টিয়ার প্রযুক্তি, সাইবার সুরক্ষা ও স্টার্টআপ খাতে যৌথ অংশীদারিত্ব ও সহযোগিতার লক্ষ্যে লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে লিথুনিয়ার পররাষ্ট্র মন্ত্রী গ্যাব্রিলিয়াস ল্যানবার্গিস ছাড়াও উভয় দেশের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের নলেজ পার্কগুলোতে লিথুনিয়াকে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী।
বৈঠকে জুনাইদ আহমেদ পলক বলেছেন, একটি নিরাপদ সাইবার বিশ্ব বজায় রাখার জন্য সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। যেহেতু কোনো দেশ একা এটি অর্জন করতে পারে না, তাই জাতীয় সাইবারস্পেস সুরক্ষিত করতে সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজন। লিথুয়ানিয়ার প্রযুক্তি কোম্পানিগুলো বাংলাদেশের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম (সিআইআরটি)-কে যে সহযোগিতা দিচ্ছে তা অব্যাহত থাকবে। বাংলাদেশ তাদের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করতে আগ্রহী। সিআইআরটি বাংলাদেশের সাইবার স্পেসকে সুরক্ষিত করতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখছে।
সেই লক্ষ্য বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা এজেন্সি’র (ডিএসএ) - সাথে প্রযুক্তি এবং দক্ষতা বিনিময়ের জন্য পারস্পরিক সহযোগিতা; কোয়ান্টাম টেকনোলজি, বায়োটেকনোলজি, স্পেস টেকনোলজি, ব্লকচেইন এবং অন্যান্য অ্যাডভান্সড/ফ্রন্টিয়ার টেকনোলজিতে শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি-তেও (SHIFT) দেশটির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের অ্যাকসেস টু ইনোভেট (এটুআই) সংস্থার সাথে প্রযুক্তিগতভাবে উন্নত পাবলিক সার্ভিসের মাধ্যমে স্মার্ট সরকার গঠনের জন্য অংশীদারিত্ব প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করেন গ্যাব্রিয়েল।

এদিকে বুধবার টিকটক নিউ ইয়র্ক অফিস পরিদর্শন করে সেখানে প্রতিষ্ঠানটির সিএক্সও এরিক অ্যান্ডারসনের সাথে বৈঠক করেছেন আইসিটি প্রতিমন্ত্রী। বৈঠকে বাংলাদেশে টিকটক এর ব্যবসার সুযোগ এবং সম্ভাব্য অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
পলক বলেছেন, বাংলাদেশে টিকটকের ডেটা সেন্টার স্থাপন এবং জনমিতি’র সম্ভাব্য ব্যবসায় আইটিতে অংশীদারিত্ব, ইনকিউবেশন সেন্টারে মানসম্পন্ন কনটেন্ট তৈরিতে নির্মাতাদের প্রশিক্ষণ প্রদানের বিষয়ে আলাপ হয়েছে।





